ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে চিহ্নিত অপরাধীদের জামিন না দেওয়া, সন্ত্রাসীদের গ্রেফতার করা, অবৈধ লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্র জমা করার প্রতি জোর দিয়েছেন মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় তারা এ বিষয়ে গুরুত্বারোপ করেন।
এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কথা শুনে ‘বুকের জোর’ বেড়েছে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। দিনব্যাপী মতবিনিময় সভার প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন, আমি এখন অনেক আশ্বস্ত হয়ে ফিরছি। আপনাদের কথাবার্তা শুনে আমার বুকের জোর অনেক বেড়েছে। আপনারা মাঠে যান। আমি একটি নিরপেক্ষ নির্বাচন চাই। পেশাগতভাবে কাজ করবেন, কোনোভাবেই পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করবেন না।
চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, বিভিন্ন মন্ত্রণালয় সচিব ও বিভাগের প্রতিনিধি, আইজিপি, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশমনার, রিটার্নিং অফিসার ও জেলাপ্রশাসক, এসপি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচন ভবনে সকালে এ মত বিনিময় সভা শুরু হয়, বেলা ২টার পরে সমাপনী বক্তব্য দেন সিইসি।
এর আগে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী বলেন, বিজিবি ডেপ্লয়মেন্ট খুব জরুরি। বর্ডার দিয়ে অস্ত্র আসে, অপরাধী আসা যাওয়া করে, তাই বর্ডার সংলগ্ন কেন্দ্রগুলোকে বিবেচনা করে কেন্দ্রের নিরাপত্তা বাড়ানো প্রয়োজন। ক্রিমিনালদের মুভমেন্ট ট্রাক করা প্রয়োজন। জেলখানার ভেতরে থেকে অনেকে ক্রাইম করে ফেলছে, এটাকে দেখা উচিত। যারা চিহ্নিত অপরাধী তারা যেন কোনোভাবেই জামিন না পায়। যারা ষড়যন্ত্রকারী তারা সব সময়ই একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করবে। আমরা ইতিহাসের সাক্ষী হতে চাই। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে সব কাজ তাৎক্ষণিকভাবে করা হবে। অপরাধীদের ঢালাও জামিন বন্ধের বিষয়ে বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করতে হবে।
খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, কুষ্টিয়া দৌলতপুরে কালু এবং কাঁকন এই দুটি গ্রুপের সঙ্গে কেউ পারছে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে ড্রোন প্রয়োজন হতে পারে। উপজেলা ও জেলা পর্যায়ে আমরা যদি যৌথভাবে মহড়া দেই তাহলে আশা করি কেউ অন্যায় কিছু করতে পারবে না।পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি বলেন, আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। আইজিপি মহোদয়ের নির্দেশে দেশের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। দলমত নির্বিশেষে আমরা অন্যায়ভাবে কাউকে কিছু করতে দেব না। বাংলাদেশে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি বলেন, প্রেস মিডিয়ায় যা দেখছি তাতে মনে হয় সিরিয়া-লিবিয়ায় বসবাস করছি। সাংবাদিকদের দেশের মানুষের কথা ভেবে রিপোর্ট করলে ভালো হয়। আমরা বর্তমানে কারো কাছ থেকে সাহায্য-সহযোগিতা পাচ্ছি না। আমরা যাদের গ্রেফতার করি দিনে বক্তব্য দেওয়া রাজনৈতিক নেতারা রাতে তাদের ছাড়াতে তদবির করেন। প্রিজাইডিং অফিসারদের হাতে কলমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের বাসনা এই ২৬ সালের নির্বাচনকে ৩১ এবং ৩৬ সালে মানুষ যেন মনে করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, আমাদের কাজ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা, সন্ত্রাসীদের গ্রেফতার করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা। বৈধ অস্ত্র জমা করা। নির্বাচনের বাজেটটা যেন সময় মতো পাই। নির্বাচনকালীন সোশ্যাল মিডিয়ায় যেসব গুজব ছড়ানো হয় এটা বন্ধ করতে হবে। ইনশাআল্লাহ আমাদের খরচের মধ্যে মনোবল বৃদ্ধির জন্য কাজ করছি। আশা করছি ২০২৬ সালে একটি মডেল নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজশাহী পুলিশ কমিশনার বলেন, আমরা সব স্ট্রেক হোল্ডারদের সঙ্গে সমন্বয় করছি। এআই জেনারেটেড যেকোনো ছবি বা ভিডিও বন্ধ করার জন্য বিটিআরসিকে জানাচ্ছি। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের পরে যদি সাজা দেওয়া হয় তাহলে এটা দেখে অন্য কেউ করার সাহস পাবে না। ২০২৬ সালের নির্বাচন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও জানান তিনি।
নিজের কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই উল্লেখ করে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, আমার একমাত্র এজেন্ডা হলো, আমি জাতির জন্য কিছু করতে পেরেছি—এটুকু সন্তুষ্টি নিয়ে মরতে চাই। রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তাদের নির্বাচনের ‘ভিভিআইপি’ হিসেবে অভিহিত করেন তিনি।
পুলিশ ও প্রশাসনকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকারে রাখার নির্দেশ দিয়ে সিইসি বলেন, ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে লাশ পোড়ানোর ঘটনার ঘটেছে। বাংলাদেশে এ ধরনের উসকানি অনেক হতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই রক্ষা করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা যাতে নিরাপদে ও শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে আসতে পারেন এবং ভোট দিয়ে শান্তিতে বাড়ি ফিরতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
নির্বাচন কমিশন এখন ‘অভিযোগ কেন্দ্রে’ পরিণত হয়েছে মন্তব্য করে সিইসি বলেন, প্রতিনিয়ত কমিশনে অভিযোগ আসছে। মানুষ জানে না যে অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কাছে করতে হয়। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের সামনে অভিযোগ জানানোর নম্বর টানিয়ে রাখার নির্দেশ দেন তিনি। যাতে কেউ আচরণবিধি ভঙ্গ করলে বা ভয়ভীতি দেখালে মানুষ অভিযোগ জানাতে পারেন।
ঢাকা শহর পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে উল্লেখ করে সিইসি বলেন, এগুলো সরানোর খবর তিনি পাচ্ছেন না। প্রতিটি কাজের প্রচার করার পরামর্শ দেন তিনি। এ ছাড়া কর্মকর্তাদের নির্বাচন পরিচালনা বিধি পড়ার তাগিদ দিয়ে সিইসি বলেন, তা না হলে প্রাথমিক দায়িত্ব পালনেই তারা ব্যর্থ হবেন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, এই জাতির জন্য কিছু করতে পেরেছি এই তৃপ্তি নিয়ে মৃত্যুবরণ করাই আমার একমাত্র লক্ষ্য।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে ইসির সহযোগিতা চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, জুলাই-উত্তর বাংলাদেশে বাস্তব কারণে আমরা আমাদের আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় দীর্ঘ সময় নানা অসুবিধার সম্মুখীন হয়েছি। আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সামনে নির্বাচনের জন্য আমরা আমাদের সক্ষমতা যথেষ্ট অর্জন করতে পেরেছি। কঠোর পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের অব্যাহত সহযোগিতা চাই।
তিনি বলেন, সমাজের বিভিন্ন দাবি-দাওয়া, রাস্তা অবরোধ, মহাসড়ক অবরোধ, সমাজের অস্থিরতা সৃষ্টি- যেসব প্রচেষ্টা দেখতে পাই, সেসব বন্ধ করার সময় এসেছে। আমরা যদি অর্ডার প্রতিষ্ঠা করতে না পারি, নির্বাচনে কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব নয়।
নির্বাচনি অনুসন্ধান কমিটিকে বিচারিক ক্ষমতা দেওয়ার প্রশংসা করে বাহারুল আলম বলেন, তারা মাত্র পুলিশ নয়, যেকোনো বাহিনীর কাছে সহায়তা চাইতে পারবে। এই প্রতিশ্রুতি সব নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনারকে দিতে চাই। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এবং সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এবার সফল-সুন্দর নির্বাচন করতে পারব। সম্পূর্ণ সক্ষমতা আমাদের আছে। এই ব্যাপারে আমাদের ওপর আস্থা রাখতে পারেন।